সচিবালয়ে তথ্যমন্ত্রী

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথগামী করা হয়

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের বিপথগামী করা হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘ইসলামকে ক্ষমতায় যাওয়ার সোপান হিসেবে ব্যবহার করা হয়। একইভাবে ভাস্কর্যের বিরুদ্ধাচরণ, আবহমান বাংলার নানা সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত হানা, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে প্রশ্ন তোলা এগুলো যে ঠিক নয়, সেটি জনগণের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন সংকলিত ‘সন্ত্রাস নয় সম্প্রীতির ধর্ম ইসলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন ইসলাম রক্ষার দোহাই দিয়ে পাকিস্তান রক্ষার কথা বলা হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের কাফের আখ্যা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ইসলামের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জিয়াউর রহমানসহ যারা ক্ষমতা দখল করেছিলেন তারা ক্ষমতাকে পাকাপোক্ত করা ও ক্ষমতায় টিকে থাকার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। সেই ধারাবাহিকতায় হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবও ইসলামকে ব্যবহার করে সংবিধানকে কাটাছেঁড়া করেছেন, অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন।’

জঙ্গিদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি নেতারা যখন কথা বলেন, তখন আশপাশে সেই নেতারা থাকে, যারা সেøাগান দিয়েছে বা দেয় ‘আমারা সবাই তালেবান বাংলা হবে আফগান’। তাদের সঙ্গে নিয়েই বিএনপি অন্যের ওপর জঙ্গিসম্পৃক্ততার দোষ চাপানোর অপচেষ্টা করে। জঙ্গি দমনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে, অন্য কোনো রাষ্ট্র তা দেখাতে পারেনি।

গ্রন্থটির সংকলক রাজনৈতিক কর্মী হিসেবে সুপরিচিত হলেও প্রথমে মাদ্রাসা ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আমিনুল ইসলাম আমিন ইসলাম সম্পর্কে যথেষ্ট প্রজ্ঞার অধিকারী বলে জানান তথ্যমন্ত্রী।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ।