সড়কে আরো ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়বাত সেতুতে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়বাত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেরার আলগী এলাকার সিরাজ মাতুব্বরের ছেলে মো. শরীফ মাতুব্বর (২০) এবং একই বাড়ির ইউসুফ আলীর ছেলে আল-আমীন (২০)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

জুমার নামাজ আদায় করতে ফরিদপুরের ভাঙ্গা থেকে মোটরসাইকেলে তারা চরমোনাই দরবার শরীফের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা জানান, ভাঙ্গা থেকে মোটর সাইকেলযোগে ওই দুই যুবক চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বরিশালের দপদপিয়া সেতু অতিক্রমকালে বিপরীতমুখি বালুবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে জরুরী বিভাগের চিকিৎসক আহত শরীফ মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আল-আমীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে পথিমধ্যে সেও মারা যায় বলে জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক ইয়ার উদ্দিন ও চালকের সহকারী রেজাউল করিমকে পুলিশ আটক করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও পুলিশ জব্দ করে।

অভিযুক্ত ট্রাকের চালক ও চালকের সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান।