ময়মনসিংহের ভালুকায় মরা আম গাছের নিচে চাপা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিক বাড়ি বাজারে। ভালুকা মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।
জানা যায়, মল্লিক বাড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক বনভোজন উপলক্ষে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পুর্ব মহূর্তে মল্লিক বাড়ি বাজার গো-হাটা মঞ্চের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে মরা আম গাছ ভেঙে পড়ে। ওই আম গাছের নিচে চাপা পড়ে গান শোনার জন্য অপেক্ষায় বসে থাকা মল্লিক বাড়ি ইউনিয়নের গোবদিয়া গ্রামের সূর্যত আলীর ছেলে কাঠমিস্ত্রী নাছির উদ্দিন (৩৩) মৃত আব্দুর রহমানের ছেলে শহিদ (৩৫)আহত হন।
তাদের স্থানীয়রা উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নাছিরকে মৃত ঘোষণা করেন ও শহিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে রাস্তায় শহিদ মারা যান।
মল্লিক বাড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, অনুষ্ঠান শুরু হওয়ার আগে এ দুর্ঘটনা ঘটে তারপর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন, সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান প্রমুখ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা একটি দুর্ঘটনা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।