ঘুরে দাঁড়াচ্ছে ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র অঙ্গন

করোনাকালে বিনোদন অঙ্গনের সব শাখার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা। আমাদের দেশের সিনেমার অবস্থা এমনিতেই ভালো ছিল না। হলিউড ও বলিউডের মতো প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিও লোকসান গুনেছে। এখন অবশ্য দৃশ্যপট কিছুটা ভিন্ন। প্রতিটি ইন্ডাস্ট্রি নিজের মতো করে স্বরূপে ফেরার চেষ্টা করছে। ঢালিউডেও প্রচুর নতুন সিনেমার ঘোষণা এসেছে। এর মধ্যে কিছু সিনেমা মুক্তির অপেক্ষায়, কিছুর কাজ শুরু হয়েছে আর কিছুর পরিকল্পনা চলছে। ঢালিউডের কথা এলে সবার আগে চলে আসেন সুপারস্টার শাকিব খান। করোনাকালেই তিনি দর্শকদের উপহার দিয়েছেন ‘নবাব এলএলবি’ সিনেমাটি। এবার তিনি আসছেন কলকাতার উঠতি নায়িকা দর্শনার সঙ্গে ‘অন্তরাত্মা’ সিনেমা নিয়ে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমা পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। আগামী ১ মার্চ থেকে পাবনায় শ্যুটিং শুরু হওয়ার কথা। এর গল্প লিখেছেন সোহানী হোসেন। এর আগে তার লেখা ‘সত্তা’ সিনেমায় কাজ করেছিলাম। এটি দারুণ প্রশংসিত হয়েছিল। ঈদুল ফিতরে মুক্তির কথা সিনেমাটির। এরপর তিনি কাজ করবেন তার আলোচিত নায়িকা বুবলির সঙ্গে ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে আপাতত ব্যস্ত এর নির্মাতা তপু খান।

‘অসম্ভবকে সম্ভব করা’র মূলমন্ত্র নিয়ে ছুটে চলেছেন চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিল। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় বিগ বাজেটের সিনেমা ‘দিন দ্য ডে’র কাজ শেষে তিনি চমক দিয়েছেন নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’-এর ঘোষণা দিয়ে। এই সিনেমায় অনন্ত বর্ষা ছাড়াও থাকছেন নামীদামি ভারতীয় ও তুর্কি শিল্পী কলাকুশলীরা।

জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এখন ব্যস্ত আলোচিত সিনেমা ‘বঙ্গবন্ধু’ নিয়ে। তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া বাংলাদেশ পুলিশ প্রযোজিত তার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির কথা ঈদুল আজহায়। একই উৎসবে মুক্তির তারিখ চূড়ান্ত করেছে র‌্যাব প্রযোজিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। দীপংকর দীপনের এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রিয়াজ, রোশান, মনোজ, তাসকিন, দর্শনাসহ অনেকে। এই সিনেমা ছাড়াও করোনাকালে সিয়াম আহমেদ শেষ করেছেন রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমার কাজ। এটি ফুটবল দলের দেশাত্মবোধের গল্প নিয়ে নির্মিত। এতে তার সহশিল্পী বিদ্যা সিনহা মিম। এই নায়িকার সঙ্গে রাফীর আরেক সিনেমা ‘ইত্তেফাক’-এর কাজ অল্প বাকি।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক সম্প্রতি বেশ কিছু সিনেমায় চুক্তি সই করেছেন। সিনেমাগুলোর নাম ‘গ্যাংস্টার’, ‘লাইভ’, ‘নরসুন্দরী’ ও ‘আর্তনাদ’। ‘গ্যাংস্টার’ পরিচালনা করছেন শাহিন সুমন। ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। আর্তনাদ-এর পরিচালক জাকির হোসেন রাজু। তিনটিরই নায়িকা মাহিয়া মাহি। বতর্মানে ‘দায়মুক্তি’ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত আছেন।

জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী আর চিত্রতারকা অপু বিশ্বাস সম্প্রতি শেষ করেছেন শাহরিয়ার নাজিম জয়ের সিনেমা ‘প্রিয় কমলা’। আরেক জনপ্রিয় মডেল-অভিনেতা নীরব একের পর এক সিনেমা করছেন। লকডাউনের আগেই তিনি বুবলির সঙ্গে শেষ করেন সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। সম্প্রতি বুবলির সঙ্গে নতুন আরেকটি সিনেমায় চুক্তি করেছেন। আসিফ ইকবাল জুয়েল পরিচালিত এই সিনেমার নাম ‘চোখ’। আসছে মার্চেই মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে নির্মিতব্য সিনেমা ‘ফিরে দেখা’য় কাজ করবেন নীরব। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত এ সিনেমায় তার নায়িকা অর্চিতা স্পর্শিয়া। মুক্তির অপেক্ষায় আছে নীরব-অপু বিশ্বাসের সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’।

নীরবকে নিয়ে গত সপ্তাহে ‘কসাই’ সিনেমার কাজ শেষ করেছেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘৪ ফেব্রুয়ারি শুরু হয়ে টানা ১৭ দিনে “কসাই” ছবির শ্যুটিং শেষ করেছি। মার্চে সিনেমা হল ও ওটিটিতে একসঙ্গে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছি। এটা কোনো নায়ক-নায়িকানির্ভর ছবি নয়। হিংসার গল্প। আরও অভিনয় করেছেন নওশাবা, রাশেদ মামুন অপু ও প্রয়মনি।’

ঢালিউডের হ্যান্ডসাম হিরো রোশান সম্প্রতি শেষ করেছেন ইফতেখার শুভ পরিচালিত অনুদানের সিনেমা ‘মুখোশ’। এতে আরও আছেন মোশাররফ করিম ও পরীমনি। এরপর তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সফল প্রযোজক মোহাম্মদ ইকবালের তিন সিনেমা ‘ফাইটার’, ‘গুলশানের চামেলী’ ও ‘রিভেঞ্জ’।

চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচল কাজ শুরু করেছেন জাফর আল মামুনের পরিচালনায় ‘এক পশলা বৃষ্টি’ সিনেমায়। নতুন প্রজন্মের নায়িকা শিরিন শিলা কাজ করবেন ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমায়। পরিচালনা করবেন মেহেদী হাসান। একসঙ্গে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তরুণ অভিনেতা আসিফ নূর। এমডি মোতালেব পরিচালিত ‘মন যারে চায়’ ও জাফর আল মামুন পরিচালিত ‘এক পশলা বৃষ্টি’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তানহা তাসনিয়া কাজ শেষ করেছেন রাকিবুল আলম রাকিবের পরিচালনায় ‘বিয়ে আমি করব না’ সিনেমায়। এতে তার নায়ক সুদর্শন মডেল-অভিনেতা ইমন। নাট্যনির্মাতা কৌশিক শংকর দাশের ‘পাঞ্চ’ সিনেমায় কাজ করছেন নিলয় আলমগীর ও মেঘলা মুক্ত। প্রীতিলতাকে নিয়ে নির্মিত দুই সিনেমায় কাজ করছেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, পরীমনি ও আবু হোরাইরা তানভীর।

পরিচালক সৈকত নাসির আজ থেকে শুরু করেছেন বহুল প্রতীক্ষিত ‘মাসুদ রানা’র কাজ। মাসুদ রানা চরিত্রে কাজ করছেন রাসেল রানা। আরও আছেন পূজা চেরী ও  নবাগতা অমনি। এরপর “ক্যাশ” সিনেমাটি শুরু করবেন নীরব, পূজা চেরী ও এভ্রিলকে নিয়ে।