জয়পুরহাটে পৌর নির্বাচনের সরঞ্জামাদি বহনের সময় ভ্যানচালক নিহত

জয়পুরহাটের পৌর নির্বাচনের সরঞ্জামাদি বহনের সময় শ্যালো চালিত ভটভটির ধাক্কায় নাছির উদ্দিন (৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর তিনটার শহরের প্রধান সড়কের বাজলা স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সদর উপজেলার আমদই মাধাইনগর গ্রামের ছমির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলা নির্বাচন অফিস থেকে পৌর নির্বাচনের সরঞ্জাম নিয়ে শ্যালো চালিত ভটভটি শহরের তালীমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাওয়ার পথে বাজলা স্কুল এলাকায় ভ্যান ঘোরানোর সময় ধাক্কা দিলে ভ্যান চালক মাটিতে পড়ে যায় এবং পরে ভটভটির চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ. কে. এম আলমগীর জাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ না করায় আমরা একটি ইউডি মামলা করেছি। ভ্যানটি উদ্ধার করা হয়েছে এবং ভটভটিটি নজরদারিতে রয়েছে।