ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন

১৬ ভোটকেন্দ্র দখল হওয়ার আশঙ্কা আওয়ামী লীগের

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ১৬টি ভোটকেন্দ্র দখল হওয়ার আশঙ্কা করছে জেলা আওয়ামী লীগ। দল থেকে অব্যাহতিপ্রাপ্ত মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া ও বিএনপির মেয়র প্রার্থী জহিরুল হকের লোকজন এসব কেন্দ্র দখল করবে বলে আশঙ্কা তাদের।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নায়ার কবিরের পক্ষে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। পাশাপাশি তিনটি কেন্দ্রের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবিও জানান তিনি।

এর আগে গত শুক্রবার ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রের বিষয়ে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আল মামুন সরকার।

সংবাদ সম্মেলনে আল মামুন সরকার কয়েকটি কেন্দ্রের নাম উল্লেখ করে বলেন, এসব ভোটকেন্দ্র দখল করে সংঘবদ্ধ সন্ত্রাসীরা স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়ার মোবাইল ফোন প্রতীকে জোর করে এককভাবে ভোট নেওয়ার চেষ্টা করবে। এ ছাড়া শহরের মাঝখানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সনাতন ধর্মাবলম্বী-অধ্যুষিত এলাকার ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধার সৃষ্টি করার আশঙ্কাও করছে আওয়ামী লীগ।

তবে স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া ও বিএনপির মেয়র প্রার্থী জহিরুল হক বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।

জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান এসব অভিযোগের বিষয়ে বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালন করবেন।