বিজিএমইএ নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ৪ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি প্যানেলের অধীনে নির্বাচন করছেন প্রার্থীরা।

গতকাল রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে শুরুতে ফোরামের পক্ষে নির্বাচনে নেতৃত্বদানকারী সংগঠনটির সাবেক সহসভাপতি  ও হান্নান গ্রুপের চেয়ারম্যান এ বি এম শামছুদ্দিনের নেতৃত্বে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের অপর নেতা ও বর্তমান সভাপতি ড. রুবানা হক, সাবেক সভাপতি আনোয়ার উল-আলম চৌধুরী পারভেজ, নির্বাচনের প্রধান সমন্বয়ক বেনজীর আহমেদ প্রমুখ। এরপর সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সহসভাপতি জায়ান্ট গ্রুপের প্রধান ফারুক হাসান। সমন্বয় পরিষদের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদী, সিদ্দিকুর রহমান প্রমুখ।

মনোনয়নপত্র জমাদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফোরাম নেতা এ বি এম শামছুদ্দিন বলেন, তিনি নির্বাচিত হলে তৈরি পোশাক খাতের অগ্রযাত্রাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবেন।

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। সমন্বয় পরিষদের নেতৃত্ব দেওয়া ফারুক হাসান বলেন, তিনি নির্বাচিত হলে এ খাতকে এগিয়ে নিতে পারবেন।

গত নির্বাচনে স্বাধীনতা পরিষদ নামে একটি প্যানেল নির্বাচন করলেও এবার তারা সমন্বয় পরিষদের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করছেন বলে জানিয়েছেন স্বাধীনতা পরিষদের প্রধান জাহাঙ্গীর আলম।

নির্বাচনে ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকরা একজন সভাপতি ও সাতজন সহসভাপতি নির্বাচন করবেন।