গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল শনিবার জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কমিশন মনে করে অনাকাক্সিক্ষত যেকোনো মৃত্যু সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। কারাবন্দি অবস্থায় মৃত্যুর দায় রাষ্ট্র বা তার অধীনস্থ কোনো সংস্থা কোনোভাবেই এড়াতে পারে না। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।’
এতে আরও বলা হয়, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে কমিশনকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিকট পত্র প্রেরণ করা হচ্ছে।’
গত বছর মে মাসে র্যাব ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাক, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, ‘রাষ্ট্রচিন্তা’ সংগঠনের দিদারুল ভূইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক, মিনহাজ মান্নানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে। তাদের মধ্যে মিনহাজ ও দিদার গত সেপ্টেম্বরে আদালত থেকে জামিন পান। কিশোর গত নয় মাস ধরে কারাগারে আছেন এবং মুশতাক গত বৃহস্পতিবার রাতে মারা যান।