স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিএনপির

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। এর নেতৃত্ব দেন দলটির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির কাউসারের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন তারা।

আগামীকাল ১ মার্চ থেকে বছরব্যাপী এ কর্মসূচি শুরু হবে। উদ্বোধন করা হবে রাজধানী ঢাকার গুলশানে হোটেল লেকশোরে।