ভারতে পাচারের সময় জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে বিপুল পরিমাণ দেশীয় জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  এ ছাড়া পৃথক অভিযান চালিয়ে ৫০ বাতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

শনিবার দিবাগত রাত ১০টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে দেশীয় ট্যাবলেট পাচারের খবর পেয়ে বিজিবির মোংলা বিশেষ ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাতে মোংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করে তার ভেতর হতে দেশীয় জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটের ৫,৬৫০ পাতা উদ্ধার করে।

এ ছাড়া বিজিবির হিলি বিওপি ক্যাম্প অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।