গাজীপুরে রেলওয়ে প্রকৌশল কর্মচারীদের ৬ দফা দাবি

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীরা ছয় দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছেন। গতকাল রবিবার বেলা ১১টার দিকে জয়দেবপুর জংশনে এ মানববন্ধন হয়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা কমলাপুরগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২০ মিনিটি মানববন্ধনের কারণে আটকে থাকে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়ে আলোচনা সভায় মিলিত হন প্রকৌশল কর্মচারীরা। এতে রেলওয়ে প্রকৌশল বিভাগের সারা দেশের কয়েকশ কর্মচারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কর্মকর্তারা প্রকৌশল বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীকে সরকারি বিধি অনুযায়ী ঝুঁকিভাতা প্রদান, সাপ্তাহিক দুদিনের ছুটি প্রদান নিশ্চিত অন্যথায় ছুটির দিনে অতিরিক্ত ডিউটির চার্জ প্রদান, প্রতিদিন দুপুরের খাবার এবং জোহরের নামাজ বিরতি এক ঘণ্টাসহ আট ঘণ্টা ডিউটি করার নির্দেশনা জারি, ইমার্জেন্সি কাজের ক্ষেত্রে ওভার টাইম দেওয়া, বিধি মোতাবেক পদোন্নতি এবং উচ্চতর গ্রেড প্রদান নিয়মিতভাবে সুনিশ্চিত করার নির্দেশনা জারির দাবি জানান। গাজীপুর রেলওয়ে প্রকৌশল বিভাগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাছির উদ্দিন, লোকমান হোসেন, মো. সেন্টু প্রমুখ।