আশুলিয়া থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

সাভারের আশুলিয়া থেকে ছয় বছর বয়সী শিশুকে অপহরণের পাঁচ দিন পর র‌্যাবের সহায়তায় চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা করা হলেও মূলহোতা পলাতক। গ্রেপ্তাররা হলো লক্ষ্মীপুর জেলার জাকির হোসেন (২১) ও ময়মনসিংহ জেলার শান্ত মিয়া (২৯)।

র‌্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে সাভারের কাঠগড়া এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় একটি চক্র। পরে শিশুকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরের দিন মোবাইল ফোনের মাধ্যমে শিশুর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুদিনের মধ্যে দাবি করা টাকা না দিলে শিশুকে মেরে ফেলারও হুমকি দেয় তারা।

পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল গত রবিবার রাতে র‌্যাব-৭-এর সহায়তায় চট্টগ্রামের হাটহাজারীর সেকেন্দার কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শিশুকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। র‌্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, অপহরণকারী চক্রটির মূলহোতা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সংঘবদ্ধ অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় অপহরণসহ নানাবিধ অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।