পঞ্চম ধাপের পৌর নির্বাচনে ভোট পড়েছে ৫৮.৬৭%

স্থানীয় সরকারের চলমান পৌরসভা নির্বাচনে সারা দেশের ২০ জেলার ২৯ পৌরসভায় পঞ্চম ধাপে ভোট পড়েছে ৫৮ দশমিক ৬৭ শতাংশ। গতকাল সোমবার মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) আসা ফলাফল পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার তথ্য বলছে, নির্বাচনে ভোটার ছিল ১৪ লাখ ৮৫ হাজার ৮২০ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮ লাখ ৭১ হাজার ৭৩৩ জন। অর্থাৎ ভোট পড়ার হার হচ্ছে ৫৮ দশমিক ৬৭ শতাংশ। এ ধাপের নির্বাচনে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

পঞ্চম ধাপে সবচেয়ে বেশি ভোট পড়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮১ দশমিক ৫৪ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩ দশমিক ৭৬ শতাংশ।

নির্বাচনে প্রথম দফায় ২৩ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ( ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণে গড়ে ৬৫ দশমিক ৬ শতাংশ ভোট পড়ে। দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ইভিএম ও ব্যালটে ভোট পড়ে ৬১ দশমিক ৯২ শতাংশ। তৃতীয় ধাপে ব্যালটে ৬২ পৌরসভায় ভোট পড়ে ৭০ শতাংশ। চতুর্থ ধাপে ভোট পড়ে ৬৫ দশমিক ৬৮ শতাংশ। পঞ্চম ধাপে ভোট পড়ে ৬৮ দশমিক ৫৭ শতাংশ। আগামী ১১ এপ্রিল ষষ্ঠ ধাপে নয়টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।