বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন আওয়ামী লীগের একার নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, তারই সম্মানে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে বিএনপিও নানা কর্মসূচি হাতে নিয়েছে।’ গতকাল মঙ্গলবার বিকেলে দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
উপস্থিত কর্মীদের উদ্দেশে সালাউদ্দিন বলেন, ‘এখন বিএনপির ঘরে বসে থাকার সময় নেই। স্বেচ্ছাচারী সরকারকে উৎখাত করতে হলে জেল-জুলুমের ভয় পেলে চলবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে রাজপথে আনতে হবে। এর জন্য সকলকে একযোগে রাজপথে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আলজাজিরার সংবাদ প্রকাশের পর শেখ হাসিনা সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তারা বিএনপির যেকোনো কর্মসূচি দেখলে পুলিশ দিয়ে বাধার সৃষ্টি করে। তারা মনে করে, এই বুঝি সরকার হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি।’
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম পান্নুর সভাপতিত্বে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, ঢাকা জেলা বিএনপি নেতা মো. আজগর হোসেন, খন্দকার শাহ মইনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।