হাইড্রোলিক হর্ন বন্ধে সার্ভিলেন্স টিম গঠনে ফের নির্দেশ

ঢাকাসহ সারা দেশে শব্দদূষণ বন্ধে অনুমোদন ব্যতীত কোনো গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে সার্ভিলেন্স টিম গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে এ বিষয়ে চারটি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগের আদেশের ধারাবাহিকতায় সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে গত সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ঢাকাসহ সারা দেশে শব্দদূষণের মাত্রা বৃদ্ধি পেয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছেÑ গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে একটি রিট আবেদন করা হয়। ২০১৭ সালের ২৩ আগস্ট হাইকোর্ট রুল জারিসহ হাইড্রোলিক হর্নের ব্যবহার ও আমদানি বন্ধের নির্দেশ দেয়। এরপর ২০১৭ সালের ৫ নভেম্বর হাইকোর্ট এ বিষয়ে কয়েক দফা নির্দেশনা দিয়ে মনিটরিং টিম গঠন করে নির্ধারিত মাত্রার বেশি শব্দদূষণের জন্য দায়ী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ওই বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এক আদেশে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, সংসদ ভবনের সামনের সড়কে রাতে বেলা শব্দদূষণ নিয়ন্ত্রণে সার্ভিলেন্সটি গঠন করে শব্দদূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দেয়।

মনজিল মোরসেদ বলেন, সাম্প্রতিককালে শব্দদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এইচআরপিবির পক্ষে একটি সম্পূরক আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ এক আদেশে চারটি নির্দেশনা দেয়। নির্দেশনাগুলো হলো ১. পূর্বের আদেশ অনুসারে ঢাকায় সার্ভিলেন্স টিম গঠন করতে হবে; ২. বিআরটিএ ও পুলিশকে সুনির্দিষ্ট করে আদালতের নির্দেশ বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে ছয় সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে হবে; ৩. মনিটরিং টিম গঠন করে স্থানীয়ভাবে হাইড্রোলিক হর্নের উৎপাদন, বিক্রি বন্ধসহ অনুমোদিত বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান মানতে হবে ও ৪. মোটরযান রুলস এর ১১৪(বি) (সি) অনুসারে হাইড্রোলিক হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে বিবাদীদের প্রতি নির্দেশ পালন করতে হবে।