ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন প্রশ্নে আদেশ হবে আজ বুধবার। জামিনের আবেদনের ওপর গত সোমবার শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করে।
কিশোরের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গত বছর ৬ মে থেকে কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ। গত বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হওয়ার পর তার মৃত্যুর খবর জানায় গাজীপুরের কাশিমপুর কারা কর্তৃপক্ষ। এর আগে এ মামলায় বেশ কয়েকবার জামিন চেয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনার পাশাপাশি বিভিন্ন মহল থেকে আইনটি বাতিলের দাবি উঠেছে। একই মামলায় একই দিনে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন কিশোর। এ মামলায় গত রবিবার তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। তবে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম আবেদনটি নাকচ করে দেন।
এদিকে কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনাটি গত সোমবার শুনানিকালে হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আদালত বিষয়টি আজ বুধবার হলফনামা আকারে দাখিল করতে আইনজীবীকে নির্দেশ দেয়। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ওইদিন বলেন, ‘লেখক মুশতাক আহমেদের বিষয়েও জামিনের আবেদন করা হয়েছিল। আবেদনটি যেহেতু আমিই করেছি এখন তার মৃত্যুর বিষয়টি আদালতকে লিখিতভাবে অবহিত করতে হবে যে, তিনি মারা গেছেন।’