মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর ফের গুলি

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কালেতে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া গুলিতে চারজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার শহরটিতে প্রতিবাদকারীরা এগিয়ে আসা পুলিশের দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মারার পর পুলিশ গুলি করে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক। তিনি জানান, তাজা গুলিতে চারজন আহত হওয়ার পাশাপাশি পুলিশের রবার বুলেটে আরও বেশ কয়েকজন জখম হয়েছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য ওই এলাকার হাসপাতাল ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে রয়টার্স জানিয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্ররাও টেলিফোন কলের উত্তর দেননি।

এদিন দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বিভিন্ন অংশে কয়েকশ প্রতিবাদকারী ব্যারিকেডের পেছনে অবস্থান নিয়ে সামরিক শাসনবিরোধী স্লোগান দেন। তাদের অনেকের মাথায় শক্ত টুপি ও হাতে নিজেদের বানানো ঢাল ছিল।

নগরীর চারটি পৃথক অংশে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড ছোড়ে। তবে এখানে কেউ আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।

নভেম্বরের সাধারণ নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় জয় পেলেও তার স্বীকৃতি না দিয়ে সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে। নির্বাচিত নেত্রী সু চি ও এনএলডির অধিকাংশ নেতাকে গ্রেপ্তার করে কারাবন্দি করে রাখে।

এরপর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জান্তাবিরোধী অন্তত ২১ প্রতিবাদকারী নিহত হয়েছেন। একজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।