জাতীয় প্রেস ক্লাবে ফখরুল

স্বাধীনতা ইশতেহারের একটি বিষয়ও বাস্তবায়ন করেনি আ.লীগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করেনি। স্বাধীনতার ইশতেহারের একটি বিষয়ও তারা বাস্তবায়ন করেনি বরং আজকে একটি ভিন্ন মোড়কে, ছদ্মবেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। এ অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে স্বাধীনতার ইশতেহার পাঠের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘লেখক-ব্লগার মোশতাক আহমেদকে শুধু তার একটি লেখার জন্য, সরকারের সমালোচনা করে একটি লেখার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল। ছয় মাস তাকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। শুধু মোশতাক আহমেদ একা নন, এরকম বহু মানুষকে বাসা থেকে তুলে নিয়ে আটক রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় আমাদের ছাত্রনেতাদের কী অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে গত কয়েক দিন আগে এবং হাসপাতাল থেকে একটি ছেলেকে তুলে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে তার ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়।’

‘পুলিশকে কেন প্রতিপক্ষ করা হচ্ছে’ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জানতে চাই জনগণের প্রতিপক্ষ কেন পুলিশ? প্রতিপক্ষ তো আপনারা বানিয়েছেন, নিজেরা বানিয়েছেন।’

ফখরুল বলেন, ‘আজকে সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সব রাজনৈতিক দল, সব দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাতে চাই আসুন ১৯৭১ সালে আমরা যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম যে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য যে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করার জন্য তার জন্য আরেকটি লডাই আমাদের করতে হবে। কারও হুকুমের দাস হতে চাই না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক আবাসস্থল গড়ে তুলতে চাই। সেজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’

পৌর নির্বাচনে অনিয়মের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে যত নির্বাচন হয়েছে সে নির্বাচনগুলোতে অনিয়ম হয়েছে। শতকরা ২০ ভাগ পৌরসভা সরকার বিএনপিকে দিয়েছে বাকিটা তারা নিয়ে গেছে। খোদ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এসব কথা বলেছেন। নির্বাচন কমিশনের সভায় এ নিয়ে মাহবুব তালুকদারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বাহাস হয়েছে। আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনের এক সপ্তাহ আগে থেকেই স্থানীয় প্রশাসনের লোকজন বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে হানা দিয়েছে। তাদের ঘরে থাকতে দেয়নি।’

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আবদুল সালামের পরিচালনায় সভায় বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম প্রমুখ।