কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার কারণ উদঘাটন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি গতকাল বুধবার বিকালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটির সদস্যরা কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে কারাগারে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, গত ২৭ ফেব্রুয়ারি মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি সিকদারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফ আহমেদ, অতিক্তির জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, কারা উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও গাজীপুর জেলা কারাগারের সহকারী সিভিল সার্জন কামরুন নাহার।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গাজীপুর কারাগারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। মুশতাক যে সেলে আটক ছিলেন তা পরিদর্শন করেন। কারা চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তাছাড়া নিহতের পরিবারসহ অন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যরা। আজ (বুধবার) বিকালে তারা প্রতিবেদন জমা দিয়েছেন। আগামীকাল (আজ) মন্ত্রী মহোদয় এ বিষয়ে কথা বলতে পারেন।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘অসুস্থতাজনিত কারণে মুশতাক মারা গেছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে তথ্য আছে বলে মনে হচ্ছে। তারপরও বিষয়টি মন্ত্রী মহোদয় বলবেন।’
এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, গাজীপুর জেলা প্রশাসকের গঠিত কমিটি সময় চেয়ে আবেদন করেছেন। তাদের সময় দেওয়া হবে।
নয় মাস আগে গ্রেপ্তার হওয়া লেখক ও ব্লগার মুশতাক আহমেদ বন্দি অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে মারা যান। এ ঘটনায় লেখক, সাংবাদিক, শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনের কর্মীদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে রাজধানীতে।