সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার পরিবারের আবেদন পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে করা দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো, মওকুফ এবং শর্ত শিথিলের আবেদন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বোধহয় শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য তারা আবার সময় বাড়ানোর পাশাপাশি কিছু শর্ত শিথিল করে এক্সটেনশন চেয়েছেন। উনি যা চেয়েছেন তা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি।’

তারা কী চেয়েছেন সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, তারা তাদের পত্রে শর্ত আরও শিথিল করে, করোনাকালে চিকিৎসা নিতে পারেননি সেটি জানিয়েছেন। এছাড়া তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কি না সে বিষয়েও তারা বলেছেন।

এখন পরবর্তী প্রক্রিয়া কী হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তো বলছি এটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাব। ওই মন্ত্রণালয় থেকে মতামত এলে আমাদের যথাযোগ্যদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।’

আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি মাত্র গতকাল (মঙ্গলবার) এলো, পাঠানো হবে।’

আবেদনে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যেতে চাওয়ার কোনো বিষয় আছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সবসময় তার চিঠিতে লেখা থাকে। কিন্তু উনি তো এখনো কারাগারেই আছেন। তার বাড়িটি এখন কারাগার হিসাবেই তিনি এখানে আছেন।

সাজা মওকুফের কোনো সুযোগ আইনগতভাবে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আমরা পরীক্ষা করে দেখছি। আমি তো আগেই বলেছি আমাদের প্রধানমন্ত্রী সবসময় যতখানি সম্ভব সেটুকু ব্যবস্থা উনি করছেন। প্রধানমন্ত্রী হলেন মানবতার জননী। তিনি যখনই কাউকে দেখেন এরকম অবস্থায় তখন তো তিনি সবসময় তার সহযোগিতা করে থাকেন। এ ক্ষেত্রেও তিনি তাকে উন্নত চিকিৎসা তার (খালেদা জিয়া) বাসায় থেকে যাতে পান এবং তিনি যেন তার যে অন্যান্য অসুবিধা ছিল, চিকিৎসা যেন আরও সুন্দরভাবে পান সেজন্যই শর্তসাপেক্ষে তার বাসায় থাকার অনুমতির ব্যবস্থা করে দিয়েছেন।’