ঋণ শোধে শিশুকে বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিল প্রশাসন

নাটোরের বড়াইগ্রামে সুদ ব্যবসায়ীদের চাপে টাকা পরিশোধের জন্য বিক্রি হওয়া কন্যা শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার বিকেলে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ওই শিশুকে তার মায়ের কোলে তুলে দেন। এ সময় ভ্যান চালক রেজাউল করিমের সকল ঋণ পরিশোধ, তাকে ভ্যান কিনে দেওয়াসহ নানা সুবিধা দেওয়ার জন্য ইউএনওকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার সুদ ব্যবসায়ীদের চাপে বাধ্য হয়ে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামের ভ্যানচালক রেজাউল করিম তার ২২ দিনের কন্যা শিশু চাঁদনী আক্তার লিজাকে এক লাখ ১০ হাজার টাকায় সুদ কারবারি আব্দুস সামাদের আত্মীয় পাবনার ঈশ্বরদীর রফিকুল ইসলামের কাছে বিক্রি করেন।

পরে আব্দুস সামাদসহ অন্যান্য সুদ কারবারিরা তাদের পাওনা টাকা ভাগাভাগি করে নিয়ে অবশিষ্ট টাকায় রেজাউল ইসলামকে একটি ভ্যান কিনে দেন।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে রাতেই ভুক্তভোগীর বাড়িতে গিয়ে অনুসন্ধানে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করেন ইউএনও জাহাঙ্গীর আলম।

পরে বিক্রীত শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

শিশুটিকে ফিরে পেয়ে মা ফুলজান বেগম বলেন, ঋণের বোঝার কারণে সুদ ব্যবসায়ীদের চাপে শিশুটিকে বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু প্রশাসন আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, স্থানীয় গণমাধ্যমে বিষয়টি দেখার পরপরই সংশ্লিষ্ট উপজেলার ইউএনওকে শিশুটি উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করি। পরে ইউএনও শিশুটিকে উদ্ধার করার পর চিকিৎসা শেষে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।

এছাড়া শিশুটির বাবার বর্তমান ঋণ পরিশোধ, একটি ভ্যান ক্রয় এবং মুজিব বর্ষে  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহের ব্যবস্থা করে দেওয়া হবে।