ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান হাংরিনাকির সম্পত্তি অধিগ্রহণ করেছে আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। এর মাধ্যমে বাংলাদেশে ফুড ডেলিভারির ব্যবসা শুরু করছে চীনা ই-কমার্স জায়ান্ট।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসিতে দারাজ ও হাংরিনাকি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অধিগ্রহণের ব্যাপারে জানানো হয়। এতে উপস্থিত ছিলেন দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক এবং হাংরিনাকির প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা এডি আহমেদসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাংরিনাকির অধিকাংশ স্থাবর ও অস্থাবর সম্পত্তি দারাজ অধিগ্রহণ করেছে। তবে এর কারণে হাংরিনাকির বর্তমান ব্যবসায়িক কার্যাবলিতে কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ হাংরিনাকির সব কর্মচারী ভবিষ্যতেও যথানিয়মে কাজ করে যাবেন। সরাসরি দারাজের পরিচালনায় পৃথক ও স্বতন্ত্র ফুড প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে হাংরিনাকি। উল্লেখ্য, ২০১৮ সালে দারাজ কিনেছে আলিবাবা।