আফগানিস্তানে সাংবাদিকের পর নারী চিকিৎসক হত্যা

আফগানিস্তানে তিন নারী গণমাধ্যমকর্মীকে গুলি করে হত্যার দু’দিন পর গতকাল বৃহস্পতিবার এক নারী চিকিৎসককে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে এএফপি। তবে এখনো কেউ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

প্রাদেশিক গভর্নর দপ্তরের মুখপাত্র জানান, ওই চিকিৎসক যে যানবাহনে চলাফেরা করতেন, তাতে চুম্বকীয় বোমা লাগিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি একটি রিকশায় চলাফেরা করতেন বলে জানান তিনি। আফগানিস্তানে সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, মানবাধিকারকর্মী ও বিচারকদের ওপর হামলা ও হত্যার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। এতে অনেকে আত্মগোপন করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ দেশ ছেড়েই পালাচ্ছেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পৃথক দুই হামলার ঘটনায় তিন নারী গণমাধ্যমকর্মী নিহত হন। কাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে তাদের ওপর গুলি চালান হামলাকারীরা। তারা তিনজনই স্থানীয় এনিকাস টিভিতে ডাবিং বিভাগে কাজ করতেন।

সন্ত্রাসী সংগঠন আইএসের স্থানীয় সহযোগী একটি সংগঠন ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেছে, ওই তিন সাংবাদিক আফগান সরকারের প্রতি অনুগত গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তাই তাদের হত্যা করা হয়েছে।