মুক্তিযুদ্ধের সময়ের প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিব সদ্যপ্রয়াত এইচ টি ইমামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রশংসার পাশাপাশি বর্তমান সরকারে এইচ টি ইমামের ভূমিকা নিয়ে সমালোচনাও করেন তিনি। এইচ টি ইমামের স্মৃতিচারণ করতে গিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার গঠনে তার একটি অবদান রয়েছে। আমলারা যে পাত্রে যান সে পাত্রের আকার ধারণ করে, পরে তিনিও তাই করেছিলেন। তার সবচেয়ে বৈচিত্র্যময় কর্মক্ষমতা হলো আমলাতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র নিয়ন্ত্রণ করা। এটাকে যে যেভাবেই দেখুক, আজকে গণতন্ত্র নিয়ন্ত্রিত হচ্ছে আমলাতন্ত্র দ্বারা, সব পরিকল্পনাই তার (এইচ টি ইমাম)। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, তাকে শ্রদ্ধা জানাই।’
এইচ টি ইমামের মৃত্যুকে বিরোধী দল বিএনপি কীভাবে দেখছে জানতে চাইলে জাফরুল্লাহ বলেন, ‘তাদের দেখার মতো এত বুদ্ধি আছে কি না আমি জানি না। তিনি একজন ভালো আমলা, মুক্তিযুদ্ধে তার অবদান ছিল। ভিন্নমত থাকলেও তার ব্যবহার ছিল মধুর। বিএনপি তাকে ব্যবহার করতে পারেনি, এটা বিএনপির ভুল। খোদা তাকে বেহেশতে নসিব করুক। তবে গণতন্ত্র হত্যার জন্য বিচার করবে কি না এটা খোদার ব্যাপার।’
কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগে গত বুধবার রাত সোয়া ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।