পশুর চ্যানেলে কয়লাসহ ডুবে যাওয়া কার্গো উদ্ধারের কাজ ৬ দিনেও শুরু হয়নি

৬ দিনেও শুরু হয়নি মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধারের কাজ।

৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে পশুর চ্যানেলের কানাইনগর-বানীশান্তা এলাকায় তলা ফেলে ডুবে যায় জাহাজটি। তবে এ সময় জাহাজের মাস্টারসহ ১২ জন নাবিক সাঁতরে নদীর কুলে উঠে যায়।

দুর্ঘটনার পর ৬ দিন পেরিয়ে গেলে জাহাজটির ভেতরে থাকা কয়লা অপসারণ ও জাহাজ উদ্ধার কাজ শুরু করতে পারেনি মালিকপক্ষ। তবে মালিকপক্ষ বলছে, প্রাথমিক পর্যায়ে ডুবন্ত জাহাজের ভেতর থেকে কয়লা উত্তোলন করতে হবে, পরে খালি হলে জাহাজটি তোলা হবে। কয়লা উত্তোলনের জন্য একটি ক্রেন আনা হলেও সেটি ছোট ও ক্ষমতা কম হওয়ায় সেটি বাদ নিয়ে এখন বড় এবং বেশি ক্ষমতা সম্পন্ন ক্রেন আনা হচ্ছে। যার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।

তবে কবে নাগাদ কাজ শুরু করতে পারবেন তা নিশ্চিত করতে পারেনি মালিকপক্ষ প্রতিনিধি ডুবন্ত কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী।

পশুর চ্যানেলে ডুবন্ত কার্গো জাহাজ উদ্ধারের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা জানতে হারবার মাস্টার কমান্ডার ফখরুদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।