দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। রমজান মাসের আগে ব্যবসায়ীরা বিভিন্ন জরুরি পণ্য সরবরাহ করার কারণে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি পড়েছে এই নৌরুটে।
শুক্রবার বিকেল পর্যন্ত পাটুরিয়ায় প্রান্তেই পারাপারের অপেক্ষায় আছে প্রায় ৭ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি যানবাহনের চাপ পড়েছে। আর সাপ্তাহিক বন্ধ আসলেই এ নৌরুটে যানবাহনের চাপ বেড়ে যায়। শুক্রবার সকাল থেকে বাড়তি যানবাহনের চাপে নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে উভয় ঘাট এলাকায়।
পাটুরিয়া ঘাট এলাকার ট্রাফিক পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ৩ টার দিকে পাটুরিয়া প্রান্তে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত ও যাত্রীবাহী মিলে আরও ২ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। এই নৌরুটে ছোট ৬ এবং ৮ টি বড় ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।