জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌ ক্যারিয়ারের শুরু থেকেই নাচে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যখন ডাকসাইটে মডেল ছিলেন তখনও নাচ ছিল সঙ্গী, এরপর অভিনয়ে ব্যস্ততা বাড়লেও নাচ ভুলে যাননি। তাই তো লকডাউন শেষে অভিনয়ে ফিরতে দেরি হলেও নাচের শো ঠিকই করেছেন।
আরটিভি স্টার অ্যাওয়ার্ডে অ্যারাবিক মিউজিক পিসের সঙ্গে তার নাচ সবাইকে মুগ্ধ করেছে। এরপর করেছেন লন্ডন হাইকমিশনের একটি প্রোগ্রাম। বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস উপলক্ষে এই আয়োজনে তিনি প্রদীপ নাচ, ভরতনাট্যম ও কত্থক নাচ করেছেন ভার্চুয়াল শোতে। সেটি লন্ডনে প্রচারিত হয়েছে। আর গত ২ তারিখে পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এনটিভির নারী দিবসের আয়োজন ‘অপরাজিতা’র গ্রান্ড ফিনালেতে নেচেছেন মৌ। সেটি নারী দিবসে এনটিভিতে প্রচার হবে। এরপর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে অংশ নেবেন ঢাকা ক্লাবের অনুষ্ঠানে। এ শো নিয়ে তিনি বলেন, ‘খুবই চমৎকার একটি কাজ হবে বলে আশা করছি। বঙ্গবন্ধুর জীবনের ওপর ভিত্তি করে ২০ মিনিটের এই নৃত্যালেখ্যে অনেক নৃত্যশিল্পী অংশ নেবেন। আমি কখনই ঠিকঠাক মহড়া ছাড়া স্টেজে দাঁড়াই না। এই নৃত্যালেখ্যের জন্যও সেভাবে সময় বের করে রেখেছি।’
এ তো গেল নাচের খবর। অভিনয়েরও দারুণ খবর আছে। গত আগস্টে মাকে হারিয়ে অনেকটাই মুষড়ে পড়েছিলেন এই জনপ্রিয় তারকা। তাই সবাই ঈদ বা ভালোবাসা দিবসের অনেক নাটক করলেও তিনি দূরে ছিলেন। নিজেকে সামলে নিয়ে সম্প্রতি ‘ঘোর’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে চার বছর পর অভিনয় করলেন। নাটকটিতে মৌকে দেখা যাবে তার চেয়ে কম বয়সী ছেলের সঙ্গে প্রেম করতে। অভিনয়ের পাশাপাশি নাটকটি পরিচালনাও করছেন মিলন। দীর্ঘদিন পর একসঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মিলন বলেন, ‘চিত্রনাট্য পাঠানোর পর থেকেই মৌ নানান পরামর্শ দিয়েছেন। কাজটি নিয়ে খুবই উৎসাহী ছিলেন তিনি। গল্পের চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও তার আলাদা চেষ্টা ছিল। কস্টিউম নিয়েও ভেবেছেন। প্রায়ই শোনা যায়, অনেক অভিনয়শিল্পী দেরি করে শ্যুটিং সেটে আসেন। কিন্তু তিনি সবসময় ঠিক সময়ে শ্যুটিং সেটে হাজির হন।’
নাটকের গল্পে মৌকে দেখা যাবে একটি ফ্যাশন হাউজের কর্ণধার হিসেবে। এই নাটক দিয়ে এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান মৌ। এতে আরও অভিনয় করেছেন জোভান। মৌ বলেন, ‘চিত্রনাট্য খুব বেশি আকৃষ্ট না করলে কাজ করতে চাই না। এ নাটকের গল্পে ভিন্নতা পেয়েছি। তাই চরিত্রটি নিয়ে ভেবিছি। নাটকে চরিত্রটি বেশ ফ্যাশনেবল। সেভাবেই আমাকে দেখা যাবে।’
টিভি নাটকের পর এবার ওয়েবের দুনিয়ায় পা রাখছেন নন্দিত এই তারকা। প্রযোজনা প্রতিষ্ঠান এলবিসি মিডিয়ার প্রথম এই ওয়েব সিরিজটির নাম ‘সিক্স’। ছয় পর্বের সিরিজটিতে আরও অভিনয় করছেন ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারীসহ অনেকে। প্রযোজনা সংস্থার হেড অব অপারেশন অ্যান্ড সেলস ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এলবিসি মিডিয়া বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন দুটি ওটিটি প্ল্যাটফর্ম ইরোস নাউ ও আড্ডা টাইমসের ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে পথচলা শুরু করে, যা বাংলাদেশের প্রধান পেমেন্ট ওয়ালেট যেমন বিকাশ, নগদসহ যেকোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে সহজেই সাবস্ক্রাইব করা যায়। বাংলাদেশের কনটেন্ট ইন্টারন্যাশনালি তুলে ধরাই আমাদের লক্ষ্য। তারই ধারাবাহিকতায় নির্মাণ করছি ওয়েব সিরিজ ‘সিক্স’। আশা করি ইন্টারন্যাশনালি ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি কনটেন্ট হিসেবে জায়গা করে নেবে সিরিজটি। আসছে এপ্রিলেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘সিক্স’।’
ওয়েব সিরিজ প্রসঙ্গে মৌ বলেন, ‘এখনো যেহেতু শ্যুটিং শুরু করিনি তাই বিস্তারিত বলতে পারছি না। কিছু বাধ্যবাধকতাও আছে গল্প শেয়ার করার ব্যাপারে। তবে আমার পুরো প্রজেক্টের আইডিয়া খুব ভালো লেগেছে। ওয়েবের ভাষাও ভিন্ন, তাই আশা করছি নতুন কিছু দেখতে পাবেন দর্শক। এ মাসেই শ্যুটিং শুরু করব। এখন ওয়েব প্ল্যাটফর্ম এগিয়ে যাচ্ছে। যুগের চাহিদার সঙ্গে পাল্লা দিয়েই আমাদের পথ চলতে হয়। নতুন এই মাধ্যমে ভালো মানের কিছু কাজের স্বপ্ন দেখি। সেই যাত্রা কেবল শুরু হচ্ছে।’