প্রযুক্তি জগতে নিজের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টি খুবই স্পর্শকাতর। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি যত এগিয়ে গেছে, তত বেশি কোনো না কোনো অছিলায় মানুষের তথ্যের নিরাপত্তার বিষয়টি লঙ্ঘন করা হয়েছে। এখন আমাদের ফোনে বেশির ভাগ অ্যাপ্লিকেশনই ক্যামেরা, মাইক্রোফোন ব্যবহার করতে চায় ও লোকেশন জানতে চায়। কোন অ্যাপ কী ব্যবহার করছে সেটা সব সময় লক্ষ রাখা বেশ কঠিন ব্যাপার। এসব ঝামেলা থেকে মুক্তি দিতে এলো নতুন অ্যাপ এক্সেস ডটস। এই অ্যাপ শুধু স্ক্রিনের ওপরে ডটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে এ মুহূর্তে আপনার ফোনে ক্যামেরা মাইক্রোফোন বা লোকেশনের কোনটি ব্যবহৃত হচ্ছে।
ফোনে এক্সেস ডটস ইনস্টল করার পর এটিকে আবার ম্যানুয়ালি এনাবেল করতে হবে। এরপর যখন আপনি কোনো অ্যাপ ব্যবহার করতে যাবেন, স্বয়ংক্রিয়ভাবে এক্সেস ডট স্ক্রিনের ওপরে সবুজ বা কমলা রঙের ডটগুলো জ্বলজ্বল করতে থাকবে। স্ক্রিনের ওপরে সবুজ ডট জ্বলজ্বল করতে থাকলে বুঝতে হবে ফোনের চলমান অ্যাপটি ক্যামের ব্যবহার করে চলেছে। অন্যদিকে মাইক্রোফোন ব্যবহার করা হলে কমলা রঙের ডট জ্বলজ্বল করবে এবং লোকেশন ব্যবহার করলে নীল রঙের ডট জ্বলবে। এখন প্রশ্ন আসতে পারে অন্য অ্যাপ ক্যামেরা মাইক্রোফোন ও লোকেশন এক্সেস করছে কি না, দেখভাল করা অ্যাপটি নিজেই কী এগুলোর এক্সেস নিয়ে বসে থাকবে কি না? অ্যাপটি নিজে ক্যামেরা বা মাইক্রোফোনের এক্সেস নেবে না। তবে জিপিএসে কোন কোন অ্যাপ এক্সেস করছে তা জানার জন্য এক্সেস ডটসের জিপিএস এক্সেস লাগছে বলে গুগল প্লে স্টোরে বিস্তারিত স্পষ্ট করে জানাচ্ছেন তারা। অ্যাপটির সাইজ ৩.৫ মেগা বাইট।