সম্প্রতি যুক্তরাজ্যের কর্নাওয়াল কাউন্টির উপকূলের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে। ছবিটি দেখে মনে হবে সমুদ্রপৃষ্ঠেরও বেশ কিছুটা ওপরে আকাশে ভাসছে একটি জাহাজ! অনেকেরই মনে হতে পারে ছবিটিতে ফটোশপের কারসাজি আছে। তবে নিরেট সত্য হচ্ছে ছবিটি পুরোপুরিই আসল!
বিবিসি জানাচ্ছে, সম্প্রতি কর্নাওয়াল কাউন্টির এক বাসিন্দার ক্যামেরায় ধরা পড়েছে বিরল এই দৃশ্যটি। ডেভিড মরিস নামের ওই ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন, খোলা চোখে দৃশ্যটি দেখে তিনি প্রথমে আঁতকে উঠেছিলেন। রীতিমতো ভিরমি খাওয়ার অবস্থা হয়েছিল তার। অবাক হয়েছিলেন, জলের জাহাজ আকাশে ভাসছে কী করে? ছবিটি তোলার পরেও এর রহস্য উদঘাটন করতে পারেননি তিনি।
পরে বিবিসি সেই ছবিটি নিয়ে কথা বলে আবহাওয়াবিদ ডেভিড ব্রেইনের সঙ্গে। আর তখনই রহস্যময় ছবিটির সব বিষয় খোলাখুলি হয়। ডেভিড ব্রেইন জানান, বিরল এই দৃশ্যটির পেছনের কারণ আসলে মরীচিকা। সাধারণত মরু বা মেরু অঞ্চলের দৃশ্য হলেও সাগরে এমনটা ঘটতে দেখা যায় কালেভদ্রে। সমুদ্রপৃষ্ঠের একেবারে কাছাকাছির বায়ু তুলনামূলক শীতল হলেও একটু ওপরের দিকের বাতাস কিছুটা উষ্ণ হলেই এমন মরীচিকার সৃষ্টি হয়। আর তখনই দৃষ্টিভ্রম হয় আমাদের। তিনি জানান, বায়ুমণ্ডলের তাপমাত্রার কারণে আলোর এমন এক অবস্থা সেখানে তৈরি হয়েছে, যার কারণে সৃষ্টি হয়েছে ‘সুপার মরীচিকার’। আর এ কারণে জলের জাহাজকে মনে হচ্ছে আকাশে উড়ছে।
ডেভিড ব্রেইন বলেন, সুপিরিয়র মরীচিকা কয়েক ধরনের দৃশ্যপট তৈরি করতে পারে আমাদের সামনে। সাধারণত কোনো বস্তুর আসল অবস্থান নিয়ে বিভ্রম তৈরি হয় এমন ধরনের মরীচিকায় নিচের দিকে কোনো বস্তুকে তুলনামূলক ওপরে দেখায়। আলোচ্য জাহাজটির ক্ষেত্রেও তাই ঘটেছে। এখানে সুপার ন্যাচারাল বা অতিপ্রকৃত কোনো বিষয় নেই। আর ছবিটিতে ফটোশপেরও কোনো কারসাজি নেই।