ইতালি সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অস্ট্রেলিয়াগামী চালান আটকে দিয়েছে। এর ফলে ইতালির কারখানায় উৎপাদিত আড়াই লাখ ডোজ ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় রপ্তানি আটকে দেওয়া হলো।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ভ্যাকসিন সরবরাহে কোম্পানিগুলো ব্যর্থ হলে এতদ অঞ্চলে উৎপাদিত ভ্যাকসিন রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এর আওতায় ইতালি এমন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অস্ট্রেলিয়া জানিয়েছে, একটি চালান না আসাতে তাদের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে খুব বড় প্রভাব পড়বে না। ইউরোপীয় কমিশন ইতালির এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। এ বছরের প্রথম তিন মাসে চুক্তির মাত্র ৪০ শতাংশ ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রকে সরবরাহ করার পথে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। উৎপাদন ঘাটতির কথা বলে ভ্যাকসিন ডোজের সরবরাহ কমিয়েছে কোম্পানিটি। এ নিয়ে ইইউর সঙ্গে বিরোধ চলছে।
জানুয়ারিতে তৎকালীন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহে বিলম্ব অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছিলেন। কোম্পানি দুটির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি। করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে মন্থরগতির জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে ইইউ। ব্লকটির ভ্যাকসিন কর্মসূচি গত জুনে গ্রহণ করা হয়। সদস্যরাষ্ট্রগুলোর জন্য ভ্যাকসিন কিনছে ইউরোপীয় কমিশন।