ডাচ-বাংলা ব্যাংকের ৩০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও বাংলাদেশ ব্যাংকের শর্ত মেনে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এরমধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। গতকাল ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত বাংলাদেশ ব্যাংক গত ৮ ফেব্রুয়ারি ব্যাংকগুলোর লভ্যাংশ দেওয়ার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ায় এর চেয়ে বেশি লভ্যাংশ দেওয়ার সুযোগ নেই। ডাচ-বাংলা ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা, যা আগের বছরে ছিল ৭ টাকা ৮৯ পয়সা। মূলত করোনা মহামারীর বছরে বিভিন্ন ক্ষেত্রে সঞ্চিতি সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংক ছাড় দেওয়ায় নিট মুনাফা বেড়েছে ব্যাংকটির।

কেন্দ্রীয় ব্যাংকের শর্তানুযায়ী, সঞ্চিতি সংরক্ষণসহ অন্যান্য ব্যয় বাদে যেসব ব্যাংক ১৫ শতাংশ বা তার বেশি মূলধন সংরক্ষণ করতে পারবে সেসব ব্যাংক তাদের সামর্থ্য অনুসারে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাসসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে।

আগামী ২৬ এপ্রিল ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।