মঙ্গলে চলতে শুরু করেছে পারসিভের‌্যান্স

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পারসিভের‌্যান্স রোভার মঙ্গল গ্রহে চলাচল শুরু করেছে। শুরুর যাত্রায় সব মিলিয়ে ২১ ফুট চলাচল করলেও নাসার বিজ্ঞানীরা একে তাৎপর্যপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছেন।

নাসার উপ-প্রকল্প বিজ্ঞানী ক্যাটি স্ট্যাক মরগান বলেন, রোভারটির এখনো অনেক প্রকৌশলগত যাচাই-বাছাইয়ের কাজ চলছে। কিন্তু যখন রোভারটি চলাচল শুরু করেছে তখন সেটিকে মঙ্গল পৃষ্ঠে অনুসন্ধানকারী হিসেবে আমরা বিবেচনা করতে পারি।

লাল গ্রহটিতে দুই সপ্তাহ আগে অবতরণ করে ১ টনের রোবট। প্রকৌশলীরা ঘণ্টার পর ঘণ্টা সময় অতিবাহিত করেছেন রোভারটির যন্ত্রাংশ ও রোবটিক হাতকে সক্রিয় ও কার্যকর করে তোলার জন্য। সবাই অপেক্ষায় ছিলেন পারসিভের‌্যান্সের নড়াচড়ার জন্য। গত বৃহস্পতিবার সেই মুহূর্ত আসে। ওইদিন এটি সামনে কয়েক পা এগোয়। এরপর ১৫০ ডিগ্রি কোণে ঘুরে এবং পরে কিছুটা পেছনে যায়।

পারসিভের‌্যান্স রোভারের মবিলিটি প্রকৌশলী আনাইস জারিফিয়ান বলেন, আপনারা দেখতে পারেন মঙ্গলে চাকার যে দাগ আমরা রেখে আসছি। মঙ্গলে চাকার দাগ পড়তে দেখে যে খুশি হয়েছি এমন মুহূর্ত আমার জীবনে আর আসেনি। আমাদের টিমের জন্য এটি বড় মাইলফলক। আমরা পৃথিবীতে চালিয়েছি কিন্তু মঙ্গলে চালানো ছিল চূড়ান্ত লক্ষ্য। এই মুহূর্তে আমাদের অনেক মানুষ কাজ করেছে।

রুদ্ধশ্বাস অপেক্ষার পর নাসার মহাকাশযান পারসিভের‌্যান্সের রোবট সফলভাবে মঙ্গল গ্রহের বুকে নামার পর সেখান থেকে ছবি পাঠাতে শুরু করেছে। এটি যেখানে অবতরণ করেছে সেটি হলো গ্রহটির বিষুব অঞ্চল, যার নাম জেযেরো। ধারণা করা হয়, জেযেরোয় কয়েকশ কোটি বছর আগে বিশাল একটি হ্রদ ছিল। সেই হ্রদে ছিল প্রচুর পানি এবং খুব সম্ভবত সেখানে প্রাণের অস্তিত্বও ছিল।

ছয় চাকার এই রোবটযান আগামী দুই বছর মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে। প্রাচীন হ্রদ এলাকার মাটি-পাথরের মধ্যে খনন চালিয়ে এটি অতীত অণুজীবের অস্তিত্ব সন্ধানের কাজ করবে।