সিরাজগঞ্জ জেলা পুলিশের মোটরযান শাখার ওসির স্বাক্ষর ও সিলমোহর জাল করে একটি সিএনজি গ্যাসস্টেশন থেকে গ্যাস উত্তোলনের অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর থানা ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার।
স্নিগ্ধ আক্তার জানান, গ্রেপ্তার আব্দুল্লাহ, স্বপন ও সাদিকুল সিরাজগঞ্জ জেলা পুলিশের মোটরযান শাখার ওসির স্বাক্ষর ও সিল জাল করে এক মাস যাবৎ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকার অ্যালবাট্টস সিএনজি ফিলিং স্টেশন থেকে ৩০০ টাকার জাল স্লিপে গ্যাস উত্তোলন করে আসছিল। এই গ্যাস স্লিপের বিপরীতে সরবরাহকৃত গ্যাসের মূল্য পরিশোধ করতে হতো সিরাজগঞ্জ জেলা পুলিশের মোটরযান শাখাকে। একপর্যায়ে চলতি মাসে সিএনজি গ্যাসের স্লিপ যাচাই-বাছাইকালে ৫১টি গ্যাসের স্লিপে অসংগতি ধরা পড়ে। ফলে পুলিশের পক্ষ থেকে ওই গ্যাসপাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানেও ৫১টি জাল গ্যাস স্লিপের প্রমাণ মেলে। এ সময় ওই জাল স্লিপসহ আব্দুল্লাহ নামের এক সিএনজিচালককে পুলিশ আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সিএনজিচালক স্বপন ও শিয়ালকোল বাজারে অবস্থিত প্রত্যাশা কম্পিউটারে অভিযান চালিয়ে সিএনজির মালিক সাদিকুল ইসলামকে আটক পুলিশ করে। পরে তার দোকান থেকে একটি ল্যাপটপ ও স্ক্যানকৃত জাল গ্যাস স্লিপ জব্দ করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।