যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে চট্টগ্রাম বন্দরে এলো বাংলাদেশ রেলওয়ের উচ্চগতিসম্পন্ন ৮টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন)। গতকাল শনিবার সকাল থকে বন্দরের বার্থে এসব ইঞ্জিন খালাস শুরু হয়।
রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) দেশ রূপান্তরকে বলেন, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ব্রডগেজ ইঞ্জিন আসা শুরু হয়েছে। জাহাজযোগে চট্টগ্রাম বন্দরে প্রথম চালানে ৮টি উচ্চগতিসম্পন্ন ব্রডগেজ ইঞ্জিন এসেছে। এখন এসব ইঞ্জিনের আনলোড চলছে। বাকি ৩২টি ব্রডগেজ ইঞ্জিন এভাবে চার ধাপে আসবে।
এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. বোরহান উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের অধীনে যুক্তরাষ্ট্র থেকে এসব ব্রডগেজ লোকোমোটিভ সংগ্রহ করা হচ্ছে। আনলোডসহ কারখানায় যাবতীয় কার্যক্রম শেষে মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব লোকোমোটিভ রেলের বহরে যুক্ত হবে। এসব ইঞ্জিন যুক্ত হলে রেলের গতি বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।
রেলওয়ে সূত্রে জানা যায়, সর্বশেষ দক্ষিণ কোরিয়া থেকে ১০টি নতুন মিটারগেজ ইঞ্জিন রেলের বহরে যুক্ত হয়েছিল। যদিও এসব ইঞ্জিন অজ্ঞাত কারণে এখনো চালানো হচ্ছে না।