‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ পাচ্ছেন যারা

শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টার, কবি মহাদেব সাহাসহ নয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠান এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার প্রয়াত আহসানউল্লাহ মাস্টার ছাড়াও এই পুরস্কার পাচ্ছেন প্রয়াত ব্যবসায়ী ও রাজনীতিক আখতারুজ্জামান চৌধুরী বাবু, প্রয়াত আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ।

সাহিত্যে কবি মহাদেব সাহার পাশাপাশি সংস্কৃতিতে এবার পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গবেষণা ও প্রশিক্ষণে প্রতিষ্ঠান হিসেবে এবার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।