জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো চার বাংলাদেশি নারী বিচারক অংশ নিতে যাচ্ছেন। তাদের মধ্যে তিনজন দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে (ইউএনএমআইএসএস) এবং একজন সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে (ইউএনএসওএম) যোগ দেবেন। গতকাল রবিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এসব তথ্য জানান।
রেজাউল করিম আরও জানান, মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আফসানা আবেদীন ও টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবা আজ সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এছাড়া কক্সবাজার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জেবুন্নাহার আয়শা আগামী ১৯ মার্চ দক্ষিণ সুদানের উদ্দেশে এবং জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ লুবনা জাহান ১৫ মার্চ সোমালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় সচিবালয়ে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বিচারকদের বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম জানান, বিচারকরা সেখানে রুল অব ল’ অ্যাডভাইজরি শাখায় এক বছর প্রেষণে জাস্টিস অ্যাডভাইজার হিসেবে বিচার ব্যবস্থা পুনর্গঠন ও উন্নয়নে কাজ করবেন। এজন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ থেকে গত ২৪ ফেব্রুয়ারি ও ১ মার্চ তারিখে পৃথক তিনটি প্রজ্ঞাপনে চারজন বিচারককে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্তর্জাতিক পরিম-লে তথা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী বিচারকদের এ অংশগ্রহণ নিঃসন্দেহে বাংলাদেশ বিচার বিভাগের জন্য একটি মাইলফলক। বিশ্বশান্তি ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের নারী বিচারকরা তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনবেন বলে আশা প্রকাশ করেন তিনি।