নারীপ্রধান কাজ পছন্দ

নারী দিবসে নিজের কাজ নিয়ে গর্বিত জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বিশেষ এই ওভিসির প্রশংসা শোনা যাচ্ছে চারদিকে। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

ওভিসিতে প্রশংসিত...

আমাদের দেশের সর্বোচ্চ আসনে নারী নেতৃত্ব বিদ্যমান। সেখানে নারীদের আটকানোর আসলে কারও অধিকার নেই। অথচ আমাদের নারীদের এখনো অনেক ভাবেই হেয় করা হয়ে থাকে। এ অনুভব আমার ছোটবেলা থেকেই হয়েছে। তাই তখন থেকেই নারী শক্তির পক্ষে কাজ করে আসছি। নারী দিবস উপলক্ষে যে ওভিসিটি করলাম, এটি বিশেষ কাজ হিসেবে সবসময় আমার তালিকায় সবার ওপরে থাকবে। কারণ এতে নারী শক্তিকে একটু ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। যেখানে নারীর অর্জন, নারীর সফলতা, নারীর অগ্রযাত্রা দেখানো হয়েছে। এ ধরনের কাজ আন্তর্জাতিক অঙ্গনে প্রিয়াঙ্কা, দীপিকারা করেছেন। এবার আমি করতে পেরে আনন্দিত ও গর্বিত। ওভিসিটির পরিচালক তরুণ নির্মাতা রাকিব হাসান।

নারীকেন্দ্রিক গল্পে...

আমি সবসময় নারীকেন্দ্রিক গল্পে কাজ করতে চাই। দেহরক্ষী, অ্যাকশন জেসমিন, বিজলীসহ বেশকিছু নারীপ্রধান কমার্শিয়াল সিনেমায় আমাকে দেখা গেছে। সামনে এ ধরনের গল্পে আরও কাজ করতে চাই। হাতে যে কটি সিনেমার প্রস্তাব আছে তার মধ্যেও কয়েকটি নারীপ্রধান গল্পের। সেগুলোকেই পছন্দের তালিকায় এগিয়ে রাখব। শিগগিরই নতুন ছবির ঘোষণা আসবে।

আকবর...

গত বছরটা খুব সুন্দর পরিকল্পনা করে এগোতে চেয়েছিলাম। বছর শুরু হয়েছিল ‘আকবর’ সিনেমাটির মাধ্যমে। সৈকত নাসির পরিচালিত এ মুভিতে আমার নায়ক ইমন। এটি ইমনের প্রথম প্রযোজিত সিনেমাও। সিনেমার কাজ শেষ হওয়ার আগেই করোনার হানায় সব এলোমেলো হয়ে যায়। আমি করোনায় আক্রান্তও হয়েছিলাম। তাই কাজে ফিরতে একটু দেরি হচ্ছে। পরিচালক সৈকত নাসির বলেছিলেন, তার আকবর সিনেমাটি দিয়ে শ্যুটিংয়ে ফিরতে। আমি তখন কাজ করার মতো শারীরিকভাবে ফিট ছিলাম না। তাই তিনি অন্য সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। দেখা যাক কী হয়। এ সিনেমা দিয়েও ফিরতে পারি, আবার নতুন কোনো সিনেমারও ঘোষণা দিতে পারি। অনেক দিন সিনেমার ক্যামেরার বাইরে আছি। ভালো কিছু নিয়েই ফিরব।