সুতা-বস্ত্রের ভার্চুয়াল প্রদর্শনী শুরু ২২ মার্চ

সুতা-বস্ত্র ও আনুষঙ্গিক উপকরণের প্রদর্শনী নিয়ে ২২ মার্চ শুরু হচ্ছে ‘১৭তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স শো-২০২১’। সম্পূর্ণ থ্রিডি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই প্রদর্শনী চলবে ২৪ মার্চ পর্যন্ত।

দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রির (সিসিপিআইট) সহযোগিতায় আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করেছে নিউইয়র্কভিত্তিক টেড শো আয়োজক সেমস গ্লোবাল ইউএসএ।

গতকাল সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সেমস গ্লোবাল প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম। তিনি জানান, এতে চীন, ভারত, তুরস্ক, মরক্কো থেকে ৮০টির বেশি প্রদর্শক বিভিন্ন ধরনের টেক্সটাইল পণ্য উপস্থাপন করবেন। হাল ফ্যাশন ও উন্নত প্রযুক্তির ফেব্রিক্সসহ আরও অনেক কিছু থাকবে প্রদর্শনীতে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রদর্শনী। তিনি আরও বলেন, প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য থাকবে সম্পূর্ণ ফ্রি। তবে এতে অংশ নিতে আগে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন ছাড়া কেউ ভার্চুয়াল প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন না।