পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতিতে হতাশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেছেন, ‘অনেক আশা-ভরসা নিয়ে আমরা ’৯৭ সালে চুক্তি করেছিলাম। কিন্তু গত ২৩ বছরে আমরা চুক্তি বাস্তবায়নের গতি দেখে হতাশ।’ গতকাল সোমবার রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবস এবং পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারী ও জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইকারী অন্যতম নারী (ছাত্রী) সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে ওই আলোচনা সভার আয়োজন করে।
সভায় সন্তু লারমা বলেন, ‘চুক্তির পর জুম্ম জনগণের জীবনমান উন্নয়নের অনেক আশা করলেও বর্তমানে আমরা অস্তিত্ব সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। নারী অধিকার রক্ষার পাশাপাশি চুক্তি বাস্তবায়নের আন্দোলনে জুম্ম নারীদের এগিয়ে আসতে হবে।’
‘করোনাকালে সমভবিষ্যৎ প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তু লারমা। মহিলা সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিতা চাকমা এতে সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে টিআইবি’র ট্রাস্টি অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, অবসরপ্রাপ্ত উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নান্টু ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নিপন ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি রিনা চাকমা উপস্থিত ছিলেন।