ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিমসহ তিন শিক্ষকের গবেষণায় প্ল্যাজিয়ারিজম (কুম্ভীলকবৃত্তি) বা চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খাঁন রাতুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসানের নামে উকিল নোটিস পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সাংবাদিক সমিতি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। গতকাল সোমবার পাঠানো আলাদা বিবৃতিতে এ নিন্দা জানান সংগঠনগুলোর নেতারা।
গত ২২ ফেব্রুয়ারি দেশ রূপান্তরের শেষ পৃষ্ঠায় ‘সাদেকা হালিমসহ ৩ শিক্ষকের গবেষণার অধিকাংশ নকল’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন নিয়ে পরদিন (২৩ ফেব্রুয়ারি) একটি প্রতিবাদলিপি পাঠান অধ্যাপক ড. সাদেকা হালিম। ওই প্রতিবাদলিপিটি পর্যবেক্ষণ তথা যাচাই-বাছাই করে ছাপা হওয়ার আগেই ৯ দিনের মাথায় ৪ মার্চ অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. কাউছার আহমেদের পক্ষে দেশ রূপান্তর সম্পাদক, প্রকাশক ও ঢাবি প্রতিনিধির নামে উকিল নোটিস পাঠানো হয়েছে।
গতকাল চবিসাস সভাপতি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্না এক যৌথ বিবৃতিতে বলেন, প্রতিবেদনটিতে প্ল্যাজিয়ারিজম বা চৌর্যবৃত্তি শনাক্ত করার আন্তজার্তিক সফটওয়্যার ‘টার্নইটইন’র বরাত দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য তুলে ধরা হয়েছে। এরপরও আইনি নোটিশ পাঠানো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। সংবাদমাধ্যমের কাজ সঠিক তথ্য দেশের মানুষের কাছে উপস্থাপন করা। অধ্যাপক সাদেকা হালিম আইনি নোটিশ পাঠিয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছেন। এ ধরনের ঘটনা সংবাদক্ষেত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে; যা মোটেই কাম্য নয়। তাই অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশ প্রত্যাহার করারও দাবি জানিয়েছে চবিসাস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শামস জেবিন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের আইনি নোটিশ পাঠিয়ে তাদের কলম থামিয়ে দেওয়া যাবে না। অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা নতুন নয়। আইনি নোটিশ পাঠিয়ে সাদেকা হালিম সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্ঠা চালাচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশ প্রত্যাহার করতে জোর দাবি জানাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি হাবিবুল্লাহ বেলালী ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান এক যৌথ বিবৃতিতে বলেন, অধ্যাপক সাদেকা হালিম আইনি নোটিশ পাঠিয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছেন। আমরা তার এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে উত্থাপিত গবেষণার চৌর্যবৃত্তির অভিযোগটি খতিয়ে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।