বেশ কিছুদিন ধরে স্থিতিশীল থাকার পরে সরবরাহ কমার অজুহাতে আবারও দেশি পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে। দুদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা বা ৪০ শতাংশ করে। দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ২৫ টাকা দরে বিক্রি হলেও গতকাল তা ৩৫ টাকায় বিক্রি হয়। এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা, দাম নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গতকাল কথা হয় হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা একাধিক ক্রেতার সঙ্গে। তাদের মধ্যে রফিকুল ইসলাম ও সাজ্জাদুর রহমান বলেন, বেশ কিছু দিন ধরেই পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকার মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করেই দাম বেড়ে গেছে। আজ কিনতে হয়েছে ৩৫ টাকা দরে।
তারা বলেন, হঠাৎ দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষজনকে সমস্যায় পড়তে হচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন ও শেরেগুল ইসলাম জানান, পাবনা অঞ্চলে পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমে গেছে। ফলে দুদিন আগে যে পেঁয়াজ প্রতি মণ ১ হাজার টাকা বিক্রি হয়েছে, এখন সেটি বেড়ে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে সাড়ে ৩ মাস বন্ধের পর ২ জানুয়ারি থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় ২৭ জানুয়ারি থেকে আমদানি বন্ধ রেখেছিলেন আমদানিকারকরা। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমায় ও দাম বৃদ্ধি পাওয়ায় ৩৬ দিন বন্ধের পর ৪ মার্চ বন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়। তিনি জানান, চাহিদা থাকায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। তবে রমজানের আগে বাজারে সরবরাহ বাড়াতে আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানান তিনি।