চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজার গেটের সামনে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপর আরোহী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে শাহচান্দ আউলিয়া মাজার গেটের সামনে একটি মোটরসাইকেলসহ দুইজন লোক গুরুতর আহত অবস্থায় ছটফট করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে অভি সেন (২৩) নামের এক যুবককে মৃত ঘোষণা করেন এবং অপরজন আরোহী সুজন মিত্রকে (৩৫) আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তারা দুই বন্ধু মিলে মোটরসাইকেলে সচক্রিদন্ডী এলাকা হতে বিয়েতে যাওয়ার জন্য রওনা দেন উপজেলার কমল মুন্সির হাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে। কে জানতো তাদের এ যাত্রা শেষ যাত্রা হবে।
তবে বিয়ের আসর পর্যন্ত তাদের আর যাওয়া হয়নি। পটিয়া পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজার গেটের সামনে মোটরসাইকেলের সঙ্গে কীভাবে গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাটি ঘটেছে তা রাত একটা পর্যন্ত কেউ বলতে পারেনি।
এদিকে নিহত অভি সেন (২৩) পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সূচক্রদন্ডী এলাকার রুনু সেনের ছেলে বলে জানা গেছে এবং আশঙ্কাজনক অবস্থায় থাকা সুজন মিত্র একই গ্রামের এম কে মিত্রের ছেলে।
প্রত্যক্ষদর্শী ভ্যান চালক রফিক বলেন, আমি একটি মোটরসাইকেলসহ দুইজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত আরও কয়েকজন মিলে তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কী গাড়ি তাদের ধাক্কা দিয়েছে তা দেখিনি।
এ ব্যাপারে পটিয়া হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিব দে জানান, রাত সাড়ে নয়টার পরে কয়েকজন লোক দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন তাদের একজনকে আমরা মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই সে মাথার ডান দিকে থেঁতলে যাওয়াতে মারা যান। আরেকজনেরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও গুরুতর।