সাইফের সেঞ্চুরিতে জয়

সাইফ হাসানের দারুণ এক সেঞ্চুরিতে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। গতকাল চট্টগ্রামে ২৬১ রান তাড়া করে ৬ উইকেটে তৃতীয় ওয়ানডে জিতে ২-০ ম্যাচে এগিয়ে গেল স্বাগতিকরা। ১২৫ বলে ৫ ছক্কা ও ১১ চারে ১২০ রানের ইনিংস খেলেন সাইফ। সঙ্গে টানা দ্বিতীয় ম্যাচে শামিম হোসেনের ঝড়ো ইনিংসে ২৭ বল আগেই লক্ষ্যে পৌঁছায় ইমার্জিং দল। ২৫ বলে ৪৪ করে অপরাজিত থাকেন শামিম। 

এই ম্যাচের আগেও পড়ে করোনার থাবা। আয়ারল্যান্ড উলভসের একজন সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হন আগের দিন। তার সংস্পর্শে আসা সবার করোনা টেস্টের নেগেটিভ রেজাল্ট আসতে গতকাল একটু দেরি হয়। তাই ম্যাচ শুরু হয় ১১টায়। দিনের ম্যাচ ফ্লাডলাইট জ্বালিয়ে শেষ করতে হয়েছে।

আগে ব্যাট করা উলভস ৫০ ওভারে ৭ উইকেটে ২৬০ করে। লরকান টাকারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮২ রান। আইরিশদের ইনিংসে আর কোনো ফিফটি ছিল না। ওপেনার জ্যামস ম্যাককুলাম রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ৪০ ও কার্টিস ক্যাম্ফার করেন ৪৩। পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ৩ উইকেট নেন। 

লক্ষ্য তাড়ায় নেমে ৪৪ রানের জুটি গড়েন ইমার্জিংয়ের দুই ওপেনার সাইফ ও তানজিদ হাসান তামিম। ১৭ রান করে তামিম বিদায়ের পর মাহমুদুল হাসান জয় (১৬) ও ইয়াসির আলি রাব্বিও (১৩) ফেরেন দ্রুত। তবে অন্য প্রান্তে দারুণভাবে এগোচ্ছিলেন অধিনায়ক সাইফ। ৪৩ বলে তুলে নেন ফিফটি। তৌহিদ হৃদয়কে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ৬৮ রানের জুটি। ১০৯ বলে সেঞ্চুরিতে পৌঁছান। দলকে ১৯৫ রানে পৌঁছে দিয়ে ৪০তম ওভারের প্রথম বলে আউট হন তিনি। বাকি কাজ অনায়াসেই সারেন আগের ম্যাচে ফিফটি হাঁকানো শামিম হোসেন পাটোয়ারী ও তৌহিদ হৃদয়। তাদের অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে সহজ জয় পায় বাংলাদেশ। ৪৪ বলে ৪৩ রানে তৌহিদ ও ২৫ বলে ৭ চার, ১ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন শামিম। ১২ মার্চ হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড উলভস : ২৬০/৭ (৫০ ওভার) (ম্যাককুলাম ৪০, টেক্টর ৩৬, ক্যাম্ফার ৪৩, টাকার ৮২*; মুগ্ধ ৩/৫৩, সুমন ১/৫১, হৃদয় ১/১৮)। বাংলাদেশ ইমার্জিং দল : ২৬৪/৪ (৪৫.৩ ওভার) (সাইফ ১২০, হৃদয় ৪৩*, শামীম ৪৪*; চেজ ১/৫২, প্রিটোরিয়াস ১/৪১, ডেলানি ২/৫২)। ফলা : ইমার্জিং দল ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা : সাইফ হাসান।