স্ত্রীকে পিটিয়ে হত্যার পর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

নওগাঁর মান্দায় স্ত্রী নিলুফা ইয়াসমিন ডলিকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার মৈনম ইউনিয়নের রায়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে মান্দা থানা পুলিশ। এর আগে নিহত নিলুফার বড় ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ বাদী হয়ে বাবা জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের হাজী ময়েজ উদ্দিনের ছেলে।

নিলুফা ইয়াসমিন গত রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তার ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ বাদী হয়ে মান্দা থানায় মামলা করেন।

মান্দা থানার ওসি শাহিনূর রহমান দেশ রূপান্তরকে জানান, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে বেদম মারধর করেন। এতে তিনি চেতনা হারিয়ে ফেলেন। পরে নিলুফা ইয়াসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় পরদিন ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ বাদী হয়ে মান্দা থানায় হত্যা মামলা করার পর গতকাল দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শাহিনূর।