একটি অডিট ফার্মের প্রতিবেদনের ভিত্তিতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মানু শাইনিকে পদত্যাগ করতে বলা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তদন্তকারী প্রতিষ্ঠান ‘প্রাইচ ওয়াটার হাউজ কপারস’ খোঁজ নিয়ে জানতে পেরেছে, মানু শাইনি নিজস্ব কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে অফিস পরিচালনা করতেন।
এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
শাইনি ২০১৯ সালের জানুয়ারিতে আইসিসি সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রতিবেদন অনুযায়ী, শাইনি কর্মীদের সঙ্গে অত্যন্ত আগ্রাসী ব্যবহার করতেন। সিঙ্গাপুরে স্পোর্টস হাব ও ইএসপিএন স্টার স্পোর্টসে যখন দায়িত্বে ছিলেন তখনো তার বিরুদ্ধে একই অভিযোগ ছিল। তদন্তে তার বিরুদ্ধে আইসিসির সদর দপ্তর দুবাই অফিসে কর্মরত ৯০ শতাংশ কর্মী খারাপ ব্যবহার করার অভিযোগ এনেছেন।
তদন্তকারী প্রতিষ্ঠান প্রতিবেদনে আরও জানিয়েছে, শাইনির অফিস পরিচালনার পদ্ধতি তার উত্তরসূরিদের মতো নয় এবং তা কর্মীবান্ধব নয়।
৫৬ বছর বয়সী শাইনির দায়িত্বের এখনো এক বছর বাকি আছে। এর আগে তিনি ইএসপিএন স্টার স্পোর্টসের সিঙ্গাপুর অফিসে ১৭ বছর কাজ করেছেন।