স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ও সারা কারবোনেরোর বিচ্ছেদের খবর প্রকাশ হয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।
দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর ২০১৬ সালে বিয়ে করেন সাবেক রিয়াল তারকা ক্যাসিয়াস ও সারা। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ের পর যে যুগলের একটি বিশেষ মুহূর্ত নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়।
ট্রফি জয়ের পর একটি রেডিওকে সাক্ষাৎকার দিচ্ছিলেন ক্যাসিয়াস। একপর্যায়ে সাক্ষাৎকার গ্রহীতা নারী সাংবাদিকের ঠোঁটে চুমু এঁকে দেন ক্যাসিয়াস।
নারী সাংবাদিকটি আর কেউ নন- সারা কারবোনেরো। যিনি বর্তমানে রেডিও মার্কার সঙ্গে যুক্ত।
স্প্যানিশ দৈনিক মার্কাই ‘ম্যাগাজিন লেকচারাস’-এর বরাত দিয়ে জানিয়েছেন, ক্যাসিয়াস-সারার বিচ্ছেদের ঘটনা সত্য। কিছুদিন ধরেই তারা আলাদা থাকছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ক্যাসিয়াস ও সারা দুজনই স্বাস্থ্যগত কারণে খবরের শিরোনামে এসেছেন। ২০১৯ সালে পোর্তোর হয়ে অনুশীলন করতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন ক্যাসিয়াস। এর কিছুদিন পরই সারার ক্যানসারের খবর আসে।
জরায়ুর ক্যানসারের সঙ্গে লড়ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছিলেন সারা। হাসপাতালে সারার পাশেও ছিলেন ক্যাসিয়াস। কিন্তু লেকচারাস বলছে, এখন তারা আলাদা থাকছেন।