পটিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

সাতক্ষীরায় শ্রমিক, যশোরে তরুণের লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক বিরোধে ভাতিজা ছুরিকাঘাতে চাচাকে খুন করেছে। যশোরে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে হত্যা মামলার আসামির লাশ। সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষের বেড়িবাঁধ মেরামতকালে নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ ২২ দিন পর নদ থেকে উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

পটিয়া (চট্টগ্রাম) : পটিয়ার কুমুমপুরা ইউনিয়নের পানওয়ালা পাড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা আবুল কালাম (৫০) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত চাচি ফাতেমা বেগমকে ভর্তি করা হয়েছে চমেক হাসপাতালে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, বসতভিটার চলাচলের জায়গায় একটি ঝুড়ি রাখাকে কেন্দ্র করে চাচা আবুল কালাম ও তার বড় ভাই আবু মুছার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহতের বড় ভাইয়ের ছেলে সৌরভ (২৫) চাচা আবুল কালামের পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এসময় তার স্ত্রী ফাতেমা বেগম বাধা দিলে তাকেও একইভাবে ছুরিকাঘাত করে ঘাতকরা সপরিবারে পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, এ ঘটনায় ঘাতকের পুরো পরিবার পালিয়ে গেছে।

যশোর : শহরতলির খোলাডাঙ্গা মুন্সিপাড়া এলাকার ধান ক্ষেত থেকে বাচ্চু গাজী (৩৪) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। বাচ্চু গাজী একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। তিনি সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামের রবিউল গাজীর ছেলে।

যশোর কোতোয়ালি থানার এসআই আফম মনিরুজ্জামান জানান, লাশের সঙ্গে রক্তমাখা ছুরি, স্যান্ডেল ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা : আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়াতে নৌকাডুবির ২২দিন পর গত মঙ্গলবার রাতে নিখোঁজ শ্রমিক আবদুল আজিজ মোড়লের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত ৯টার দিকে কপোতাক্ষ নদের কুড়িকাহুনিয়া ভাঙন পয়েন্টে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। আবদুল আজিজ মোড়ল (৬৩) আশাশুনির শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মুন্সি মানিক মোড়লের ছেলে।

এর আগে নৌকাডুবিতে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে গত ১৮ ফেব্র“য়ারি নিখোঁজ বাবর আলী সরদার (৪৫) ও ১৯ ফেব্র“য়ারি শফিকুল ইসলাম সানার (৪৮) মরদেহ উদ্ধার করা হয়। গত ১৬ ফেব্র“য়ারি ভোরে বাঁধের কাজ করার সময় স্রোতের মুখে ডুবে যায় ইঞ্জিনচালিত ট্রলারটি।