ছাত্রকে পেটানো সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

হাটহাজারীতে মায়ের পিছু নেওয়া শিশুশিক্ষার্থীকে পেটানোর ঘটনায় মাদ্রাসাশিক্ষক মোহাম্মদ ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির শিক্ষক ইয়াহিয়াকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেছেন। তারা প্রথমে মামলা করতে রাজি না হলেও পরে বুঝিয়ে রাজি করানো হয়। অভিযুক্ত শিক্ষককে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলে জানান ওসি। 

সূত্র জানায়, হেফজ বিভাগের শিশুটির জন্মদিন ছিল কাল। এ উপলক্ষে তাকে দেখতে মঙ্গলবার বিকেলে মা-বাবা মাদ্রাসায় আসেন। তারা চলে যাওয়ার পরপরই শিশুটি মাদ্রাসা থেকে বাইরে বের হয়। তখন শিশুটিকে ধরে মাদ্রাসার ভেতরে নিয়ে মারধর করেন শিক্ষক ইয়াহিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শিক্ষক ইয়াহিয়া শিশুটিকে ঘাড় ধরে মাদ্রাসার ভেতরে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে বেত দিয়ে বেধড়ক পেটান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গভীর রাতে মাদ্রাসাটিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন আট বছরের শিশুটিকে উদ্ধার এবং শিক্ষক ইয়াহিয়াকে ধরে আনেন। কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ না করায় শিক্ষককে বুধবার সকালে ছেড়ে দেওয়া হয়। তবে মঙ্গলবার রাতে ওই শিক্ষককে বহিষ্কার করে মাদ্রাসা কর্র্তৃপক্ষ।