নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে গ্যাসের লিকেজ থেকে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোহাম্মদ বিশাল (২৮) মারা গেছেন। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, আগুনে বিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ফলে সব চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে চিকিৎসাধীন আছেন মোহাম্মদ বিশালের স্ত্রী মিতা (২৪), মেয়ে আফসানা (৫), ছেলে মিনহাজ (১৮ মাস), শ্যালক মাহফুজুল (১২) ও সাব্বির (১৫)। এদের মধ্যে মিনহাজ ৪৫ শতাংশ, আফসানা ১০ শতাংশ, মিতা ১৫ শতাংশ, মাহফুজুল ৮৫ শতাংশ ও সাব্বিরের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি।
গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার ছয়তলা ওই ভবনে রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে শিশুসহ ছয়জন দগ্ধ হন। প্রথমে উদ্ধার করে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।