সুপ্রিম কোর্ট বার নির্বাচন

প্রথম দিনে ভোট দিলেন ২ হাজার ৮২৩ আইনজীবী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে (২০২১-২২) দুই দিনব্যাপী ভোটগ্রহণ গতকাল বুধবার শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি) উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের এ ভোটগ্রহণ চলে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানান, উচ্চ আদালতের ৭ হাজার ৭২২ জন আইনজীবী ভোটারের মধ্যে গতকাল ২ হাজার ৮২৩ জন ভোট দেন। আজ বৃহস্পতিবার একই সময়ে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

সুপ্রিম কোর্ট বারে এক বছরের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এবার ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপিপন্থি আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন। সাদা প্যানেল থেকে এবার সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু সভাপতি পদে এবং অ্যাডভোকেট মো. আবদুল আলিম মিয়া জুয়েল সম্পাদক পদে নির্বাচনে লড়ছেন। অন্যদিকে বিএনপিপন্থিদের নীল প্যানেল থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান সভাপতি পদে এবং রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান সভাপতি পদে ও অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ সম্পাদক পদে বিএনপিপন্থি আরেকটি প্যানেল থেকে লড়ছেন। সভাপতিসহ বেশ কয়েকটি পদে আরও কয়েকজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন সরকার সমর্থক সাদা প্যানেলের অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন (বর্তমানে অ্যাটর্নি জেনারেল)। সম্পাদক পদে বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হন।